ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। কিন্তু গত রোববার দ্বিতীয় স্থানে থাকা চেলসির কাছে ২-০ গোলে হেরে যায় দলটি। এই ম্যাচে জয়ে পেলে শিরোপার আরো কাছে চলে যেত তারা। কিন্তু সেটা সম্ভব হলো না। এ জন্য শিষ্যদেরকে হতাশ না হয়ে নিজেদের সোনালী মৌসুমের কথা স্মরণ করার পরামর্শ দিয়েছেন বস ব্রেন্ডন রোজার্স।
লিগে বর্তমানে ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সামনের ম্যাচে ম্যানসিটি জয় পেলে লিভারপুলের সমান পয়েন্ট অর্জন করবে দলটি। ফলে শিরোপাটি লিভারপুলের হাতছাড়া হয়ে যেতে পারে।
এ বিষয় বুধবার সাংবাদিকদেরকে লিভারপুল কোচ রোজার্স বলেন, 'খেলোয়াড়রা চলমি মৌসুমে যে চমৎকার খেলা উপহার দিয়েছে আমি শুধু তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। তাদেরকে বলেছি যে তোমাদের সোনালী এ মৌসুমের কথা ভুলে গেলে চলবে না। এখনো আমাদের ভালো কিছু করার সুযোগ আছে, যা নিয়ে আমি গর্ব করি।'
চেলসির বিপক্ষে হারের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'আমরা প্রত্যাশিত ফলাফল করতে পারিনি এটা ঠিক। কিন্তু আপনি পুরা মৌসুমের দিকে লক্ষ্য করেন, আমরা অনেক দূর এগিয়েছি এবং এটা চালিয়ে যেতে পারব।'
'মৌসুমের শুরুতে সবাই জানত প্রথম চারের মধ্যে থাকা আমাদের জন্য অনেক কঠিন হবে। দুই ম্যাচ বাকি থাকতে সেরা তিনের মধ্যে থাকা নিশ্চিত করা সত্যি, সত্যিই চ্যালেঞ্জিং ছিল। এটা করতে পারাটা সত্যিই উল্লেখযোগ্য' তিনি যোগ করলেন।
ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই