বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ফরে শেষ পর্যন্ত ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজবাহিনীকে।
ইউক্রেনের সার্গে ডায়াচুক, আরটেম ও ভায়চেস্তাভ একটি করে গোল করেন। বাংলাদেশের হয়ে একটি মাত্র গোল পরিশোধ করেন অধিনায়ক কৃষ্ণ কুমার।
টুর্নামেন্ট শুরুর আগে এই ইউক্রেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হেরেছিলেন জিমি, চয়নরা। শেষ পর্যন্ত ওমানের কাছে হেরে মুল পর্ব থেকে ছিটকে পড়া বাংলাদেশ স্থান নির্ধারনী ম্যাচেও এই দলটির কাছে হারের বৃত্ত থেকে বের হতে পারল না। ফলে পরাজয়ের গ্লানি নিয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলা উপহার দেয় ইউক্রেন। প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে পরপর দু’গোল করে নিরাপদ অবস্থানে পৌছে যায় তারা। ৪ মিনিটেই ফিল্ড থেকে সার্গেই ডায়াচুক গোল করে দলকে এগিয়ে দেন (১-০)। ২২ মিনিটে আরটেম ওজারস্কি পেনাল্টি শুটআউট থেকে গোল করে ব্যবধান বাড়ান (২-০)। দু’গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরতে প্রানপন লড়াই করে কৃষ্ণ কুমার বাহিনী। এক্ষেত্রে কিছুটা সফলও হয় তারা। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি কর্ণার (পিসি) থেকে অধিনায়ক কৃষ্ণ কুমার গোল করে ব্যবধান কমান (১-২)।
তবে আর সমতায় ফেরা হয়নি বাংলাদেশের। উল্টো ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তৃতীয় গোল হজম করতে হয় তাদের। ভায়চেস্তাভ পাজিউক পিসি থেকে গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইউক্রেন। শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়ে পঞ্চমস্থান পেয়ে টার্ফ ছাড়ে তারা।
জেডআই





