ইউএস ওপেনের সবচেয়ে বড় বাধা পার করেছেন সেরেনা উইলিয়ামস। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা শেষে সিমোনা হালেপকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন যুক্তরাষ্ট্রের টেনিসকন্যা।

ইউএস ওপেনের ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা ৬-২, ৪-৬, ৬-৩ গেমে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হালেপকে হারিয়ে সেমিতে জায়গা করে নেন। উন্মুক্ত যুগে রেকর্ড সর্বোচ্চ ২৩তম গ্রান্ড-স্লাম শিরোপা জয় থেকে মাত্র দুই কদম দূরে রয়েছেন নারী টেনিসের নাম্বার এ ওয়ান তারকা।

ফাইনালে ওঠার লড়াইয়ে চেক রিপাবলিক তারকা ক্যারোলিনা পিসকোভার মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণকলি সেরেনা। সেমিফাইনালের ম্যাচটি শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে। একই দিন অন্য সেমিতে অ্যাঞ্জেলিক কেরবার ও ক্যারোলিন ওজনিয়াকি মুখোমুখি হবেন।

ইউএস ওপেনে শিরোপার লড়াই ছাড়াও শীর্ষস্থানের লড়াই জমে ওঠেছে সেরেনা ও কেরবারের মধ্যে। সেরেনা যদি ফাইনালে জায়গা করে নিতে পারেন তবে শীর্ষেই থাকবেন তিনি; নয়তো শীর্ষস্থানচ্যুত হবেন মার্কিন কন্যা। অন্যদিকে কেরবারও যদি সেরেনার সঙ্গে ফাইনালে জায়গা করে নেন সেক্ষেত্রে চ্যাম্পিয়ন যিনি হবেন তিনিই র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খেলোয়াড়ে পরিণত হবেন।

এম এ