প্রীতিম্যাচে ইতালির ক্লাব নাপোলির কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এজন্য বার্সায় আগমনটা সুখের হলো না গোলরক্ষক ক্লাডিও ব্রাভোর।

ব্রাজিল বিশ্বকাপ শেষ হওয়ার পর রিয়াল সোসিয়েদাদ থেকে এ মৌসুমে বার্সায় যোগ দিয়েছেন এই গোলরক্ষক। তবে ম্যাচে নিজের প্রতিভা মেলে ধরলেও ভাগ্য সহায় হয়নি এই কলম্বিয়ানের। তাই শেষ মুহূর্তে গোল হজম করেছে বার্সা। বাকি সময় গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছেড়েছে মেসি-নেইমার-সুয়ারেজহীন স্প্যানিশ জায়ান্টরা।

অবশ্য প্রথমার্ধে অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছেন ব্রাভো। মারিক হামস্কির চোখ ধাঁধানো একটি হেড দারুণ দক্ষতায় গ্লাভসবন্দি করেছেন তিনি। যদিও এ অর্ধ গোলশূন্যভাবেই শেষ করেছে দুই দল।

বিরতির পরও সমানে সমানে লড়ছিল উভয় দল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগে সব অদলবদল করে দিয়েছেন ব্লেরিম জেমাইলি। দারুণ একটা শটে তিনি বোকা বানিয়েছেন ব্রাভোকে। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে নাপোলি।

এদিকে, আরেক প্রীতিম্যাচে হেরেছে জার্মানির বায়ার্ন মিউনিখ। তাদের ২-১ গোলে হারিয়েছে লা গ্যালাক্সি।

ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ