ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংলিশ অধিপতি জস বাটলারের সঙ্গে বাংলাদেশী ক্রিকেটাররা কোনো বাজে আচরণ করেননি বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি বলেন, ওই ম্যাচের ভিডিও আমি দেখেছি। আমার চোখে তেমন কোনো ভুল ধরাও পড়েনি। অনাকাঙ্খিত এ ঘটনার জন্য আমরা দায়ী নই।
চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের আগে মঙ্গলবার ব্রিফিংয়ে মাশরাফি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'ওইদিন বাটলারের উইকেট পতনের পর স্বাভাবিক উল্লাসে মাতেন ক্রিকেটাররা। আমি এতে কোনো অন্যায় দেখিনি। আর এতে দুঃখ প্রকাশেরও কিছু নেই।'
তবে ঘটনার সময় উভয়পক্ষের সংযত আচরণের দরকার ছিল বলে আবারও জানান নড়াইল এক্সপ্রেস।
তামিমের সঙ্গে ইংলিশ সহ-অধিনায়ক বেন স্টোকসের সমস্যা হয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি তেমন কোনো সমস্যা দেখতে পাইনি। আর আমার দৃষ্টিতে এতে তামিমের কোনো ভূমিকা ছিল না।'
শেষ ম্যাচে এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, আমরা মাঠে সিরিজ জয়ের জন্যই নামব। আর জিততে হলে আমরা খেলেই জিতব। খেলার বাইরের কোনো ইস্যুকে আমরা বড় করে দেখছি না।
এ সময় নাসির, মোসাদ্দেক হোসেনসহ তরুণ ক্রিকেটাররা ভালো করছেন বলে তাদের প্রশংসা করেন টাইগার অধিপতি।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দুই ম্যাচে ১-১ সমতায় রয়েছে দু'দল।
এমবি





