বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিক্সিংয়ে জড়িত থাকা মোহাম্মদ আশরাফুলের শাস্তি কমানোর আপিল শুনানির পরবর্তী তারিখ আগামী সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বরের ৮ থেকে ১১ তারিখে এই শুনানির সময় ধার্য করেছে বিসিবি গঠিত ট্রাইব্যুনাল। বুধবার প্রাথমিক আপিল শুনানির পর এই তারিখ ধার্য করা হয়।

বুধবার মোহাম্মদ আশরাফুলের করা শাস্তি কমানোর আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ দিন বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী এবং শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল লুকারাচ্চিরও আপিলের শুনানি হয়েছে।

এ বিষয় মোহাম্মদ আশরাফুলের আইনজীবী খালেদ হামিদ চৌধুরী জানিয়েছেন, ‘আজ (বুধবার) এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান কিছু প্রশ্ন করেছেন। কিছু বিষয় তার জানার প্রয়োজন ছিল। মূল শুনানি হবে আগামী মাসের ৮-১১ তারিখে। সেখানে মোহাম্মদ আশরাফুলের শাস্তি পূর্ণবিবেচনার আবেদন করেছি আমরা। আশরাফুল শুরু থেকেই ট্রাইব্যুনালকে সহযোগিতা করে আসছিলেন, তাই তার শাস্তি অবশ্যই কমানো উচিত বলে মনে করি। যারা আপিল করেছেন সবগুলো শুনানি এক সঙ্গেই হবে। আপিলের রায়ে সন্তুষ্ট না হলে পরবর্তীতে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও আপিল করতে পারবেন ভুক্তভোগীরা।’

শিহাব চৌধুরীসহ মোশারফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিনের আইনজীবী নওরাজ এম আর চৌধুরী বলেছেন, ‘শিহাব চৌধুরীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেই আমরা আবেদন করেছি। এ ছাড়া রুবেল এবং রবিনকে নির্দোষ দেখিয়ে যে রায় দেওয়া হয়েছে তা যেন পরির্বতন না করা হয়, এই আপিলও করা হয়েছে।’

এ দিন মোহাম্মদ আশরাফুল নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘আজ (বুধবার) আপিলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ৮ তারিখ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। তবে রায় হতে সেপ্টেম্বর-অক্টোবর লেগে যাবে। খুব স্লো প্রক্রিয়া! অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।’

উল্লেখ্য, গত ১৮ জুন বিপিএলে স্পট ফিক্সিংয়ের জন্য গঠিত ট্র্যাইব্যুনাল রায় ঘোষণা করেছে। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। সঙ্গে ১০ লাখ টাকা জরিমানার দণ্ড দেওয়া হয়েছে তাকে। এ ছাড়া বিপিএলের দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে ২০ লাখ টাকা জরিমান করা হয়েছে এবং শ্রীলঙ্কার ক্রিকেটার কৌশল লুকারাচ্চিকে ১৮ মাস ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা, ৬ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই