পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডে) লড়াই করতে আগামীকাল শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দিবা-রাত্রির ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে মোট ৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় মাত্র একটি। তাও আবার সেই ১৯৯৯ বিশ্বকাপে। এরপর কেটে গেল ১৬টি বছর। কিন্তু কোনো ফরম্যাটেই পাকদেরকে হারাতে পারেনি টাইগাররা।

গত কয়েক বছরে দারুণ কিছু সুযোগ মিলেছিল জয় খরা কাটানোর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০১২ এশিয়া কাপ ফাইনাল। টানটান উত্তেজনার ম্যাচটি শেষ পর্যন্ত ২ রানে জিতে নিয়েছিল পাকিস্তানই। ২০১৪ এশিয়া কাপে ৩২৫ রান করেও হারের বৃত্তে ঘুরপাক খেতে হয়েছে টাইগারদের।

ইতোমধ্যে বেশ পরিবর্তন এসেছে দুই দলের মধ্যে। প্রথমবারের মত ধারবাহিকতার মধ্যে দীর্ঘ সময় পার করছে টাইগাররা। সেই জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু করা ভাল পারফর্মেন্সের ধারাবাহিকতা অক্ষুন্ন ছিল বিশ্বকাপেও। অপরদিকে ব্যাপক রদ বদল ঘটেছে পাকিস্তান দলে। অবসর নিয়েছে অধিনায়ক মিসবাহ উল হক। আরেক সিনিয়র অল রাউন্ডার শাহীদ আফ্রিদিও চলে গেছেন অবসরে। সবকিছু মিলিয়ে বেশ কজন সিনিয়র খেলোয়াড় এখন দলের বাইরে।

নতুন অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ তারকা আজহার আলী। অধিনায়ক হিসেবে তার অভিষেক হওয়ার আগে একটি ধাক্কা পেয়েছেন তিনি। একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে হেরে গেছে তার দল। ২৬৮ রানের স্কোর করেও জয়ের মুখ দেখেনি তার দল।

এদিকে বিশ্বকাপে ধীর গতির বোলিংয়ের কারণে অধিনায়ক হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ রয়েছেন টাইগার নেতা মাশরাফি বিন মর্তুজা। ফলে এ ম্যাচে খেলতে পারবেন না টাইগার দলের এ পেসার। তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা অল রাউন্ডার সাকিব আল হাসান।

অধিনায়ক হিসেবে সাকিবের অভিজ্ঞতাও অনেক। তার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে মাশরাফির অনুপস্থিতিতে এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যদিও ম্যাচটিতে অল্পের জন্য হেরেছিল টাইগাররা।

বাংলাদেশ দল (সম্ভাব্য) : মাশরাফি বিন মর্তুজা (অধি.), তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মোমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধি.) মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও আবুল হাসান।

পাকিস্তান দল (সম্ভাব্য) : আজহার আলী (অধি.), সামি আসলাম, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সাদ নাসিম, সাঈদ আজমল, ওহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আদিল ও জুনায়েদ খান।

জেডআই