গেল এক বছর ধরে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্স করছেন ব্রেন্ডান ম্যাককালাম। ২০১৫ বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ডকে ফাইনালে তোলেন।
অবশ্য শিরোপা জয়ের স্বাদ অধরাই থেকে যায়। জাতীয় দলে তার অসামান্য অবদানের পুরস্কার হিসেবে নিউজিল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সবচেয়ে বড় পুরস্কার স্যার রিচার্ড হ্যাডলি পদকও পেয়েছেন ম্যাককালাম।
এদিকে কেন উইলিয়ামসন ক্রিকেটের তিন ফরম্যাটেরই বর্ষসেরা ব্যাটসম্যান ও খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। বিশ্বকাপে বল হাতে সর্বোচ্চ ২২ উইকেট শিকারি ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডের বর্ষসেরা বোলারের পুরস্কার পেয়েছেন।
গেল বছর ম্যাককালামের অধীনে টেস্টে নিজেদের ইতিহাসে সেরা সময় পার করে নিউজিল্যান্ড। এক বছরে রেকর্ড পাঁচটি টেস্ট জিতে কিউইরা। তাছাড়া জানুয়ারিতে ভারতের ও নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকান ম্যাককালাম।
নিউজিল্যান্ডর প্রথম ব্যাটসম্যান হিসেবে এক বছরে হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েন তিনি। আর বিশ্বকাপে তো এক কথায় অসাধারণ পারফরম্যান্স করেন। আর তাই তাকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।
বুধবার অকল্যান্ডে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস নাইটে এই পুরস্কার দেওয়া হয়।
ইআর





