নিজেদের মাটিতে বিশ্বকাপের প্রস্তুতি মিশনটা ভালোভাবেই শুরু করেছে ব্রাজিল। মঙ্গলবার রাতে তারা পানামাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। দলের সেরা তারকা নেইমার, ডানি আলভেস, হাল্ক এবং উইলিয়ান এই গোলগুলো করেছেন।
খেলার ২৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ২০ মিটার দুর থেকে পানামার গোলরক্ষক ম্যাকফারলানেকে ফ্রি-কিক থেকে বোকা বানাতে ভুল করেননি নেইমার। ১৩ মিনিট পরে নেইমারের বার্সেলোনা সতীর্থ ডানি আলভেস বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের লো শটে ব্যবধান দ্বিগুন করেন। দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে ব্রাজিলের হয়ে ৩৪ ম্যাচ খেলা হাল্ক নেইমারের দূর্দান্ত এক ব্যাকহিল পাস থেকে দলের পক্ষে তৃতীয় গোল করেন। ৭৩ মিনিটে আবারো নেইমারের সহায়তায় বদলী খেলোয়াড় হিসেবে দলের পক্ষে শেষ গোলটি করেন চেলসির উইঙ্গার উইলিয়ান।
এর আগে পানামার বিপক্ষে ১৪টি ম্যাচের ১৩টিতেই জয় তুলে নিয়ে লুইস ফিলিপ স্কলারির শিষ্যরা। তা সত্বেও ম্যাচের শুরুর দিকে খুব একটা খুশী ছিলনা স্বাগতিক সমর্থকরা। বরং পানামাই নিজেদের ছন্দ ধরে রেখে খেলার সূচনা করেছিল। তবে নেইমার সমর্থকদের উদ্দেশ্যে ধৈর্য্য ধরার অনুরোধ জানিয়েছেন। তার মতে প্রথমে আমরা ভাল না করলেও ধীরে ধীরে ম্যাচে ফিরে আসি এবং মাঠের সাথে নিজেদের মানিয়ে নেই। তাই আমি মনে করি সমর্থকদের কিছুটা ধৈর্য্য ধরে আমাদের ওপর আস্থা রাখতে হবে।
ঢাকা, ৪জুন (টাইমনিউজবিডি) //জেডআই