ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এবার আরেক টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে হারাল আইসিসি'র সহযোগী দল আয়ারল্যান্ড। এর ফলে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছে দলটি।

শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে আয়ারল্যান্ড।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩১ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৩ বল বাকি থাকতে ৩২৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে জয়ের স্বপ্ন দেখান টেইলর ও সেন উইলিয়ামস। পঞ্চম উইকেটে তাদের জুটি থেকে আসে ১৪৯ রান।

আলেক্স কুসাকের বলে কেভিন ও'ব্রেইনের তালুবন্দী হয়ে টেইলর বিদায়ে নিলে ভেঙে যায় তাদের ২০.৫ ওভার স্থায়ী জুটি। মাঠ ছাড়ার আগে ৯১ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে পাঁচ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন তিনি।

ক্রিজে এসে মাত্র ১১ রান করে বিদায় নেন ক্রেইগ এরভাইন। দলীয় ৩০০ রানে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ মাঠ ছাড়েন উইলিয়ামস। কেভিনের বলে মুনির হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ৮৩ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৯৬ রান করেন।

৪৬.৫ ওভারে উইলিয়ামসের বিদায়ের পর জয়ের জন্য ৩২ রান দরকার হলেও হাতে ছিল তিনটি উইকেট। কিন্তু শেষ পর্যন্ত ২৬ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় তারা।

আয়ারল্যান্ডের বোলার অ্যালেক্স কুসাক ৯.৩ ওভারে ৩২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান মুনি ও কেভিন ও'ব্রেইন।

এর আগে ব্যাট করতে নেমে আইরিশরাও শুরুটা ভালো করতে পারেনি। তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। টিনাশে পানিয়াঙ্গারার বলে শন উইলিয়ামসের ক্যাচে পরিণত হয়ে ফিরে যান পল স্টার্লিং।

তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের সঙ্গে ৬৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন এড জয়েস। উইলিয়ামসের বলে হ্যামিল্টন মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে পোর্টারফিল্ডের বিদায়ে ভাঙে ১৭.১ ওভার স্থায়ী জুটি।

তৃতীয় উইকেটে অ্যান্ডি বালবারনির সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন জয়েস। শতকে পৌঁছে জয়েসের বিদায়ে ভাঙে তাদের ১৮.৩ বল স্থায়ী আক্রমণাত্মক জুটি।

তৃতীয় শতক পাওয়া জয়েসের ব্যাট থেকে আসে ১১২ রান। তার ১০৯ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও ৩টি ছক্কায়।

চতুর্থ উইকেটে কেভিন ও’ব্রায়ানের সঙ্গে ৫৯ রানের জুটি উপহার দেন বালবারনি। ২৭৬ রানে কেভিন ও’ব্রায়ানের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় আয়ারল্যান্ড।

শতকের খুব কাছে পৌঁছে গেলেও শেষ দিকে স্ট্রাইক পাচ্ছিলেন না বালবারনি। এই সময় তার সঙ্গে ক্রিজে থাকা গ্যারি উইলসন (১৩ বলে ২৫) ও জন মুনি (৪ বলে ১০) রানের গতি বাড়ানোর দিকেই মনোযোগী ছিলেন।

শেষ ওভারে দুই রান নিতে গিয়ে রান আউট হলে শতক পাওয়া হয়নি বালবারনির। ৭৯ বলে খেলা তার ৯৭ রানের আক্রমণাত্মক ইনিংস গড়া ৭টি চার ও ৪টি ছক্কায়।

জিম্বাবুয়ের টেন্ডাই চাটারা ও উইলিয়ামস তিনটি করে উইকেট নেন।

জেডআই