শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যেত ইংল্যান্ডের। তবে সেটি হতে দেননি ব্যাটসম্যান জো রুট। বৃহস্পতিবার তার সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।
বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৯ ওভারে ২৩৯ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা। তবে বৃষ্টির কারণে সেদিন আর ইংল্যান্ড ইনিংস হয়নি, সেটা পিছিয়ে যায় রিজার্ভ ডে-তে।
বৃহস্পতিবার ব্যাট করতে নেমে রুটের দারুণ শতকে ৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইংলিশরা।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে হোঁচট খেয়েছিল সফরকারীরা। তবে তৃতীয় উইকেটে জেমস টেইলরের সঙ্গে ১০৪ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়েন রুট। ৯০ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৬৮ রান করেন টেইলর।
টেইলর বিদায় নিলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রুট। ১১৭ বলে হার না মানা ১০৪ রান সংগ্রহ করতে ৭টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করে ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।
স্বাগতিকদের পক্ষে ৩৫ রানে ২ উইকেট নেন সাচিত্রা সেনানায়েকে।
এর আগে ৫৯ রানে ৩ উইকেট হারালেও কুমার সাঙ্গাকারার দৃঢ়তায় লড়াই করার মতো রান করে শ্রীলঙ্কা। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৯১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাঁহাতি সাঙ্গাকারা। তার ১২৩ বলের ইনিংসটি ১০টি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ম্যাথিউস।
ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ৪৭ রানে ৬ উইকেট নেন।
ইংল্যান্ড এই ম্যাচ জেতার পরও ৩-২ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। তাই সাত ওয়ানডের এই সিরিজটি জিততে বাকি সব ম্যাচই জিততে হবে ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪৯ ওভারে ২৩৯ (দিলশান ৩৫, পেরেরা ০, সাঙ্গাকারা ৯১, জয়াবর্ধনে ২, ম্যাথিউস ৪০, থিরিমান্নে ৮, জিবন মেন্ডিস ১২, পেরেরা ২৭, সেনানায়েকে ০, প্রসাদ ৫*, অজন্তা মেন্ডিস ০; ওকস ৬/৪৭, জর্ডান ২/৫৬, ফিন ১/২৮, ট্রেডওয়েল ১/৩৩)
ইংল্যান্ড: ৪৯.১ ওভারে ২৪০/৫ (কুক ২০, মইন ৪, টেইলর ৬৮, রুট ১০৪*, বোপারা ২৮, মর্গান ৫, বাটলার ২; সেনানায়েকে ২/৩৫, পেরেরা ১/২৬, দিলশান ১/৪৫, অজন্তা মেন্ডিস ১/৪৯)
জেডআই





