ওয়ানডে অভিষেক ম্যাচেই প্রথম সফলতা পেলেন সানজামুল ইসলাম। ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসানের পর দলের হয়ে ৫ম উইকেটটি সংগ্রহ করেন তিনি।

এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী বাংলাদেশ। ১.৩ ওভারেই আয়ারল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান মোস্তাফিজ। আর ৮.৩ ওভারে মোসাদ্দেক শিকার করেন দ্বিতীয় উইকেটের।

১৪.২ ওভারে এসে তৃতীয় উইকেটের পতন ঘটান সাকিব। ২৭.৩ ওভারে এসে নিজের ২য় উইকেট পান মোস্তাফিজ। এর পরের ওভারেই প্রথম সফলতা পান সানজামুল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১.২ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৩।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। দেশের ১২৪তম ওয়ানডে ক্রিকেটারকে অধিনায়ক বোলিংয়ে আনেন অনেক দেরিতে, ২৯ ওভারে। সেই ওভারের শেষ বলে এড জয়েসকে ফিরিয়ে দেন বাঁহাতি এই স্পিনার।

চোট কাটিয়ে ফেরা জয়েস ছিলেন অর্ধশতকের পথে (৪৬)। লং অন দিয়ে উড়াতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। টাইমিং করতে পারেননি, উঠে যায় আকাশে। দুই হাতে মুঠোয় জমান তামিম।

দলে একটি পরিবর্তন এনে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দলে এসেছেন সানজামুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

এমবি