বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে খেলার টিকিট পেতে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে তারা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হবে তাদের লড়াই।
ম্যাচটিতে বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে। তবে অনূর্ধ্ব-২৩ দল নিয়েই এই টুর্নামেন্ট লড়ছে থাইল্যান্ড। তবুও শক্তির বিচারে স্বাগতিকদের চেয়ে এগিয়ে আছে থাইরা।
গ্রুপ পর্বের ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
বিপরীতে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোরে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে নাম লেখায় মামুনুলরা।
তবে শক্তির বিচার যা হোক, ফাইনালে খেলতে বদ্ধ পরিকর বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন স্বাগতিক অধিনায়ক মামুনুল ইসলাম।
তিনি বলেন, 'জয়ের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আমাদের একটি লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলা। আগামীকালের ম্যাচে একটি টিম হিসেবে খেলতে চাই আমরা।'
এদিকে কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, 'থাইল্যান্ড দলটি বেশ ভালো। গোল্ডকাপের আগে সবাই মনে করেছে বাহরাইন ভালো দল, কিন্তু মাঠের পারফরম্যান্সে প্রমাণ হয়েছে থাইল্যান্ড শক্তিশালী দল।'
বাংলাদেশ দল সম্পর্কে তিনি বলেন, 'এ ম্যাচে বাংলাদেশের একটিই লক্ষ্য। সেমিতে ভালো খেলেই আমাদের ফাইনালে উঠতে হবে।'
জেডআই





