দীর্ঘ সময় ভ্রমণ করে দেশে ফিরেই আবার জনসমাগমে যোগ দেওয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান।
ফিটনেস পরীক্ষায় যোগ দেওয়ার উদ্দেশ্যে তারপরে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। তার নেগেটিভ ফলাফল এসেছে। খবর বিডিক্রিকটাইম’র।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে ফেরেন সাকিব। রাত পেরিয়ে সকাল হতেই একটি সুপারশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সাকিবকে একনজর দেখার জন্য সেখানে ভিড় করেন শতশত ভক্ত-সমর্থক।
আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই সেখান থেকে ফিরে গিয়েছিলেন সাকিব। দেশে ফেরার আগে দুবাই থেকে নেগেটিভ সনদ নিয়ে ফিরলেও আবারও করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। এই পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে তার।
গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরে সেপ্টেম্বরে দেশে ফিরেছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজ খেলার উদ্দেশ্যে ফিরলেও সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় আবার যুক্তরাষ্ট্রে ফিরে গিয়েছিলেন তিনি। তখনও নিষেধাজ্ঞায় থাকায় নীরবেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ফিটনেস ও অনুশীলন চালিয়ে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এবার সাকিব দেশে ফিরেছেন মুক্ত হয়ে। দীর্ঘ দিন পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত খেলোয়াড় তালিকায় উঠে এসেছে তার নাম। আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করিয়ে তারপরে খেলার সনদ দেওয়ার নিয়ম করা হয়েছে। সেই জন্য ঘোষণা করা হয়েছে মোট ১১৩ জন ক্রিকেটারের নাম। সেখানে আছেন সাকিবও। দীর্ঘ এক বছরেরও বেশি সময় পরে দেশের ক্রিকেটে দেখা যাবে সাকিবের পদচারণা।
অপরদিকে, একই সময়ে করোনা পরীক্ষা করতে দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদের পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ। ফলে আজ (৮ নভেম্বর) পাকিস্তান সুপার খেলার জন্য পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও তার আর হচ্ছে না রিয়াদের।
এমবি





