প্রথমবারের মতো সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামছে আলজেরিয়া ও জার্মানি। উভয় দলেরই লক্ষ্য কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া।

কাগজে-কলমে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ছিঁটেফোঁটা থাকার কথা নয়। কী আক্রমণভাগ, কী রক্ষণভাগ, প্রতিটি জায়গায় জার্মানির রয়েছে বিশ্বমানের খেলোয়াড়। এছাড়া তিন বারের বিশ্বচ্যাম্পিয়নও তারা। আর আলজেরিয়া জার্মানির চেয়ে বেশ দুর্বল। প্রতিটি জায়গায় তাদের বিশ্বমানের খেলোয়াড় নেই।

কাগজ-কলমের হিসাব মানতে রাজি নন জার্মানির কোচ জোয়াকিম লো। তিনি নজর দিতে চান মাঠের দিকে। খেলেই জিততে হবে বলে মনে করেন তিনি, ‘বিশ্বকাপ প্রতিযোগিতায় কাক্সিক্ষত কোনো প্রতিপক্ষ নেই। নেই কোনো সহজ প্রতিপক্ষও। আর তা যদি হয় নক-আউট পর্ব, তাহলে তো কথাই নেই।’

দল হিসেবে আলজেরিয়াকেও হেসে উড়িয়ে দিচ্ছেন না তিনি। বরং শ্রদ্ধা জানাচ্ছেন আফ্রিকার দলটার প্রতি, ‘আলজেরিয়া যে অস্বস্তিকর প্রতিপক্ষ, তা তারা প্রমাণ করেছে। তবে আমরাও প্রস্তুত আছি।’

অবশ্য, জার্মানির বিপক্ষে আলজেরিয়ার রয়েছে শতভাগ সাফল্য। ১৯৬৪ সালে আলজেরিয়া দেশের মাটিতে এক প্রীতি ম্যাচে জার্মানিকে হারায় ২-০ গোলে। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ প্রতিযোগিতায় জার্মানি হার মানে ২-১ গোলে।

এই ইতিহাসের কাছ থেকেই অনুপ্রেরণা খুঁজছেন আলজেরিয়ার কোচ ভাহিদ হালিলহোজিচ। তিনি বললেন, ‘দলের উন্নতি করার অনেক জায়গা আছে। আমার মনে হয়, জার্মানির বিপক্ষে আমরা ভালো খেলব।’ তবে তিনি একথাও বলেন যে, ‘আমরা নতুন করে ইতিহাস লিখতে চাই।’

জার্মানির মারিও গোমেজ আবার মাঠে নামতে পারেন। আর দর্শকের কাতারে বসবেন লুকাস পোডলোস্কি। কেননা তিনি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার সময় চোট পান।

প্রতিযোগিতায় প্রথমবারের মতো মাঝমাঠে দেখা যেতে পারে বাস্তিয়ান সোয়েনস্টাইগারকে। আর তাতে কপাল পুড়তে পাওে সামি খেদিরার। ফুলব্যাক জেরোম বোয়াটেংয়ের হাঁটুর সমস্যা সেরে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে তাকেও দেখা যেতে পারে এই ম্যাচে।

অপরদিকে, আলজেরিয়ার কোনো চোট সমস্যা নেই। রাশিয়ার বিপক্ষে যে দলটা ড্র করেছে, সেই দলকেই কোচ খেলাতে পারেন জার্মানির বিপক্ষে।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই