বার্সেলোনার সাবেক কোচ টাটা মার্টিনো আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। দীর্ঘদিন ক্লাব ফুটবলে কোচের দায়িত্ব পালন করা ৫১ বছর বয়সী টাটা মার্টিনো প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিলেন।
ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপে আলেহান্দ্রো সাবেয়ার অধীনে আর্জেন্টিনা ২৪ বছর পর ফাইনালে খেললেও বিশ্বকাপ শেষে দলের সঙ্গে আর থাকেননি সাবেয়া। তার স্থলাভিষিক্ত হলেন বার্সেলোনায় এক বছর দায়িত্ব পালন করা টাটা মার্টিনো।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার হোসে লিমে জাতীয় দলের কোচ হিসেবে টাটা মার্টিনোর দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত করেছেন।
টাটা মার্টিনো গত মৌসুম বার্সেলোনার দায়িত্ব নিয়ে কোনো শিরোপা জয় করতে না পারলেও আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের হয়ে জিতেছেন ঘরোয়া লিগের প্রায় সব শিরোপা। তাই ঘরোয়া ফুটবলে সফল এই কোচের ওপরই ভরসা রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
২০১৫ সালে কোপা আমেরিকা ও ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখেই টাটা মার্টিনোকে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





