পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে অত্যন্ত বাজে ভাবে দল বিশ্ব কাপ থেকে ছিটকে পড়ার পর ইংল্যান্ড সমর্থকদের কাছে শনিবার ক্ষমা চেয়েছেন ওয়েইন রুনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার নিজের ফেজবুকে ডি গ্রুপে ইতালি ও উরুগুয়ের কাছে পরাজয়কে ‘সম্পূর্ণ ধ্বস্ত’ ও ‘নিচু মানের’ বলে অভিহিত করেছেন।

শুক্রবার রাতে কোস্টারিকা ১-০ গোলে ইতালিকে হারানোর সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হয়ে যায়।

উরুগুয়ের বিরুদ্ধে বিশ্ব কাপে প্রথম গোল করা রুনি বলেন, ‘যে সকল সমর্থক ব্রাজিল উড়ে এসেছেন এবং যারা দেশে বসে খেলা দেখেছেন তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। কারণ আমরা ভাল খেলিনি।’

তিনি আরো বলেন, ‘প্রতিটি ম্যাচে খেলতে নামার আগেই আমাদের মধ্যে প্রচন্ড আত্মবিশ্বাস ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা কাজে আসেনি।’

দলের অপর খেলোয়াড় ২২ বছর বয়সী মিডফিল্ডার জ্যাক উইলশায়ারও নিজের টুইটারে দলের বাজে পারফরমেন্সের জন্য ইংল্যান্ড সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন।

গণমাধ্যমে ইংল্যান্ড দল নিয়ে সমালোচনার ঝড় বইছে। ইংলিশ ফুটবল এসোসিয়েশন ইউরো ২০১৬ পর্যন্ত কোচ হিসেবে রয় হজসনকেই রাখবে বলে আভাস দিয়েছে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।