অসাধারণ এক ম্যাচ। টানটান উত্তেজনার পাশাপাশি দুই দলের গোলোৎসব শিহরণ তুলল ভক্তদের শরীরে। তবে শেষ পর্যন্ত জিতল ফুটবল।

বিফলে গেল ইংলিশ স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোলের ৯ মিনিটের বিধ্বংসী হ্যাটট্রিক।

তার স্মরণীয় পারফরম্যান্সেই প্রথমে দুই গোল হজমের পরও লিড নেয় স্বাগতিক ওয়েস্টহ্যাম। কিন্তু সফরকারী আর্সেনালও কম গেল না।

৭০ মিনিটে ডিফেন্ডার কোসেলনির গোলে ওয়েস্টহ্যামকে জয়বঞ্চিত রেখেই ফিরল ড্রেসিংরুমে।

গতকাল উপটন পার্কে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ খেলায় স্বাগতিক ওয়েস্টহ্যামকে ৩-৩ গোলের ড্রতেই রুখে দেয় আর্সেনাল।

ওয়েস্টহ্যাম সফরে হার এড়ালেও শিরোপা লড়াই থেকে আর্সেনাল আরো একধাপ পিছিয়ে পড়ল। তাদের ড্রয়ের ফলে লিস্টারের চ্যাম্পিয়ন তকমা জয় পরিণত হয়েছে সময়ের ব্যাপারে।

৩২ ম্যাচ শেষে আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে লিস্টার সিটির।

ঘরের মাঠে টানা ১৫ ম্যাচে অপরাজিত ওয়েস্টহ্যাম প্রস্তুত ছিল আর্সেনালকে চ্যালেঞ্জের মুখে ফেলার। তবে লড়াইয়ে শুরুতে তারাই পড়ল চাপের মুখে।

প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই অজিল ও সানচেজের গোলের ম্যাচের চালকের আসন দখলে নেয় আর্সেনাল।

কিন্তু দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ওয়েস্টহ্যাম। উল্টো দলটির সুপারস্টার স্ট্রাইকার ক্যারোল উদ্ভাসিত হলেন ক্যারিয়ারের সেরা মুহূর্তে।

৪৪ ও ৪৫ মিনিটে দুই গোল করে সমতায় ফেরান স্বাগতিকদের। দ্বিতীয়য়ার্ধের শুরুতেই তার হ্যাটট্রিক উৎসবে প্রথমবারের মতো লিডও নেয় ওয়েস্টহ্যাম!

এসএম