কিংবদন্তির বোলার ওয়াসিম আকরাম পকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে পারতেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রামিজ রাজার নামের উপর সিলমোহর দেয়ার আগে পিসিবির চেয়ারম্যান হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন ওয়াসিম আকরাম।
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ পদে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
পিসিবির এক সূত্র এ প্রসঙ্গে জানায়, ‘এটা সত্যি যে, ওয়াসিম আকরামের নাম পিসিবি চেয়ারম্যানের পদে বিবেচনা করা হচ্ছিল। ওয়াসিম নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার।
তবে প্রধানমন্ত্রী ইমরান খান জানান, রামিজ রাজাকে বেছে নেয়াই যথাযথ হবে, যেহেতু তিনি অতীতের কোনো বোঝা বয়ে বেড়াবেন না।'
আসলে অতীতে ওয়াসিম আকরামের বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগই এক্ষেত্রে তার পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।
৯০-এর দশকের পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগের কেন্দ্রে ছিল আকরামের নাম।
২০০০ সালে গড়াপেটার তদন্তকারী কমিটির সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে আকরামের বিরুদ্ধে।
আপাতত পিসিবির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য আকরাম। সেইসাথে তিনি পিএসএলে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকাও পালন করছেন।
এই মুহূর্তে ওয়াসিম আকরাম স্ত্রী ও কন্যার সাথে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।
এইচএন





