ভারত 'এ' দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বির্পযয়ে পড়েছে বাংলাদেশ 'এ' দল।

রোববার ব্যাঙ্গালুরেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৬ ওভারে বাংলাদেশকে ২৯০ রানের লক্ষ্য বেধে দেয়া হয়। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা।

ক্রিজে আছেন সাব্বির রহমান (১২) ও নাসির হোসাইন (২১)।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভারতীয়দের বোলিং চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। দলীয় তিন রানে সৌম্য সরকারের (১) বিদায়ের পর আর এক রান যোগ হতেই বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে নামা এনামুল হক (১)।

দলীয় ২৩ রানে বিদায় নেন আরেক ওপেনার রনি তালুকদার (৯)। মুমিনুল ও লিটন দাস রানের চাকা ঘুরানোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। দলীয় ৬৮ রানে কুলদিপ যাদবের বলে উইকেটরক্ষক স্যামসনের হাতে ক্যাচ তুলে দেন ২১ রান করা লিটন। একই বোলারের বলে কুলকারনির হাতে মুমিনুল ক্যাচ আউট হলে ৭৭ রানেই সফরকারীরা হারায় ৫ উইকেট। দলনেতা মুমিনুল ৫০ বলে ৩৭ রান করেন।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে সুরেশ রায়নার সেঞ্চুরির সুবাদে ২৯৭ রান সংগ্রহ করে ভারত 'এ' দল। ৯৪ বলে ১০৪ রান করে বিদায় নেন রায়না। এছাড়া স্যামসন ৯০ ও উন্মুক্ত চাঁদ ৪১ রান করেন।

বাংলাদেশের বোলার শফিউল ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান আল আমিন, রুবেল, আরাফাত ও নাসির হোসাইন।

জেডআই