টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি ‘ভারতের মাটিতে আমরা বেশি ভালবাসা পাই’মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তবে, দেশটির নারী জাতীয় দলের অধিনায়ক সানা মির আর সেই ভুল করেননি।

বরং তিনি বলেছেন, দেশের মাটিতে খেলার অনেক স্বাধীনতা আছে এবং সেখানেই তারা বেশি ভালোবাসা পেয়ে থাকেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতের মাটিতে পা রেখেই আফ্রিদি ওই মন্তব্য করে গণমাধ্যমের রোষানলে পড়েছিলেন। একই প্রশ্নের উত্তরে সানা না হেসে পারেননি। কিন্তু তারপরই কিছুটা কূটনৈতিক উত্তরের মাধ্যমে তিনি বিষয়টা ভালোভাবেই সামলে উঠেছেন।

নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সানা বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই ভারতে খেলতে ভালবাসি, এখানে খেলা আমরা বেশ উপভোগ করি। কিন্তু অবশ্যই নিজ দেশে খেলতে আমরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

এমনকি পাকিস্তানের মাটিতে আমরা বেশ ভালবাসা পেয়ে থাকি। আমরা সেখানে খেলতেই বেশি পছন্দ করি। কারণ, নিজ দেশে খুব একটা খেলার সুযোগ আমাদের হয় না। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা বেশ সমর্থন পাচ্ছি। চেন্নাইয়ে প্রথম ম্যাচে যেমন সমর্থন পেয়েছি তাতে আমরা ম্যাচটা বেশ উপভোগ করেছি।

এআইজে