অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই টি-২০ সিরিজ জিতেছিল ভারত। তিন ম্যাচ সিরিজে সবকটিতেই অস্টেলিয়াকে হারায় তারা। মোদ্দাকথা, ইতিহাসে প্রথমবারের মতো অসিদের তাদের ঘরের মাঠে ধবলধোলাই করার কীর্তি গড়েছিল টিম ইন্ডিয়া।

কিন্তু ঘরের মাঠে এসে কেন যেন খেই হারিয়ে ফেলল ধোনি বাহিনী। বুধবার পুনেতে অনভিজ্ঞ শ্রীলঙ্কার কাছে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরে যায় কোহলিহীন ভারত।

হারের পর যথারীতি পিচকে দুষলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জানিয়েছিলেন পুনের পিচের আচরণই নাকি বুঝতে পারেননি তারা। বলেছিলেন, ‘আমরা পিচটা ঠিকমতো বুঝতেই পারিনি। আমার মতে, ১৪০ ছিল উপযুক্ত স্কোর। তাহলেই বিপক্ষ অনেকটা চাপে পড়ে যেত। আমরা প্রথমে ব্যাট করেছি বলেই সমস্যায় পড়েছি। পরে ব্যাট করলে বুঝে নিতে পারতাম, পিচ কীরকম আচরণ করছে।’

আজ (শুক্রবার) রাঁচিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০। বাংলাদেশ সময় রাত ৮ টায় ম্যাচটি মাঠে গড়াবে। এটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ৩। আজ রাঁচিতে পিচের ‘আচরণ’ বোঝার পালা ধোনি-যুবরাজদের। বুঝতে না পারলে বড় ক্ষতিই হবে তাদের। টি-২০ বিশ্বকাপের আগে আঘাত হানবে তাদের মনোবলেও। আজ হারলে সিরিজ তো হারাবেই টিম ইন্ডিয়া। হারাতে হতে টি-০২ র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও। এটা হয়তো চাইবেন না ধোনি-রায়নারা। চাইবেন ১-১ ব্যবধানে সিরিজের সমতা আনতে। তাই যে করেই হোক ম্যাচটিতে স্বাগতিকদের জয় চাই-ই-চাই।

দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরেছেন কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। যুবরাজ সিং, আশিষ নেহরা তাদের মধ্যে অন্যতম। শ্রীলঙ্কার কাছে হারের পর দলে তাদের অন্তর্ভূক্তি নিয়ে তাই প্রশ্ন উঠেছে? উত্তরটা দিয়েছেন দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, ‘ওরা দিনের পর দিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে। নিজেদের শরীর ঠিক রেখেছে। অস্ট্রেলিয়ায় সুযোগ পেয়ে সেটা কাজেও লাগিয়েছে। আশা করছি, এ সিরিজেও নিজের অভিজ্ঞতার প্রমাণ রাখবে।’

এদিকে, দ্বিতীয় টি-২০তে শ্রীলঙ্কার দলে ফেরার কথা রয়েছে তিলকরত্নে দিলশানের। অনভিজ্ঞদের সঙ্গে অভিজ্ঞ এই ক্রিকেটার যোগ দিলে ভারত দিশা খুঁজে পাবে তো? সেটাই এখন দেখার বিষয়।

এমই