টেস্ট খেলা নিয়ে বাংলাদেশের যে শঙ্কা ছিল সেটি এখন আর নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভা থেকে ফিরে এসে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে সংবাদ সম্মলনে পাপন বলেছেন, 'আইসিসি খসড়া প্রস্তাবের বিরোধিতা বা এটার বিপক্ষে ভোট দেয়ার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল আমাদের ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো প্রস্তাব পাস হতে না দেয়া। আর্থিক বিষয় নিয়ে বিতর্ক করা গেলেও টেস্ট মর্যাদা নিয়ে কোনো ধরনের আপোষ নেই এমন সিদ্ধান্তেই অনড় ছিলাম।'
মিডিয়ায় বাংলাদেশের অবস্থান আগে থেকেই প্রকাশিত হওয়ায় বোর্ড সভায় তার বার বার সমস্যায় পড়তে হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি মিডিয়াকে উদ্দেশ্য করে আরো বলেছেন, 'আমি জানি না বিরোধিতার ক্ষেত্রে আপনারা কেন অন্যান্য দেশকে ফোকাস করে উপস্থাপন করেছেন। অথচ আমরাই শুধু আমাদের দাবির পক্ষে সবচেয়ে জোরালোভাবে বিরোধিতায় দাঁড়িয়েছি। যেখানে অন্যান্য দেশের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব লক্ষ্য করা গেছে।'
'প্রস্তাবটির বিরোধিতার চেয়ে টেস্ট খেলার অধিকার রক্ষার জন্য আমি বেশি সোচ্চার ছিলাম এই জন্য যে, এটার বিপক্ষে আমি ভোট দেয়ার পরও যদি ৯-১ এ পাস হয়ে যেত তাহলে আমার কিছু করার থাকত না। আর সেখানে কোন দেশের কি মত তা বোঝা কঠিন ছিল' যোগ করেন পাপন।
ঢাকা,৩০জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই