ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ফিফা ব্যালন ডি'অরের বিরোধিতা করছেন চেলসি কোচ হোসে মরিনহো। তার মতে এই পুরস্কারটি ফুটবলের জন্য ক্ষতিকর।

সাবেক রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান কোচ মরিনহো সাংবাদিকদেরকে বলেন, "ব্যালন ডি'অরের মতো পুরস্কার ফুটবলের জন্য ক্ষতিকর। এ জন্য এটাকে আমি গণনায় ধরি না।"

সর্বশেষ ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর স্বদেশী কোচ নিজের কথার যুক্তি দিয়ে বলেন, "মাঝে মাঝে এটা এমন মনে হয় যে আমরা একজন তারকাকেই খুঁজছি। অন্যদের চেয়ে কিছু খেলোয়াড়কে আমরা গুরুত্বপূর্ণ করে তুলি। ক্লাবে আমরা যা চাই, মূলত সেটা এই সংস্কৃতি না।"

উল্লেখ্য, ২০১০ সালে ইন্টার মিলানকে দারুণ সাফল্য এনে দেয়ায় ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন মরিনহো।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার পর চেলসিতে দ্বিতীয় মেয়াদে যোগদান করে দারুণ সময় পার করছেন এই পর্তুগীজ কোচ।

জেডআই