মাস জুড়ে নানা লড়াই হলো। তারায় তারায় লড়াই। বড় বড় খেলোয়াড়ের লড়াই। বিরাট সব দলের লড়াই। এখন সব শেষের পথে। কিন্তু আসল রোমাঞ্চটাই বাকি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাচ্ছে চতুর্থ বিপিএলের শিরোপার লড়াই। মুখোমুখি আসরের ফেভারিট ঢাকা ডায়নামাইটস ও চমক জাগানো রাজশাহী কিংস। টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। সাকিব আল হাসানের ঢাকাকে ব্যাট পাঠিয়েছেন তিনি।

এবারের বিপিএলে শেষ হাসি কার? মিরপুরে চোখ রাখতেই হচ্ছে। অপেক্ষা নতুন চ্যাম্পিয়নের। গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালেই উঠতে পারেনি। ঢাকা ডায়নামাইটস হিসেবে কখনো বিপিএল জেতেনি। রাজশাহী এই প্রথম ফাইনালে খেলছে।

এই বিপিএলে রাজশাহী ও ঢাকার মধ্যে দুবার দেখা হয়েছে। দুবারই জিতেছে রাজশাহী। প্রথম বার ৬ উইকেটে। পরের বার ৩ উইকেটে। তার মানে এই দলের বিপক্ষে সাকিবদের ঢাকা পারে না! তবে ঢাকা সবার আগে প্লে-অফ নিশ্চিত করে পয়েন্ট তালিকার ১ নম্বর দল হিসেবে। রাজশাহীকে লিগ পর্বের শেষ ম্যাচে অন্যদের খেলার ফলের ওপর নির্ভর করতে হয়েছিল। চতুর্থ হয়ে প্লে-অফ খেলে তারা।

ঢাকা তার ভরা দল। অল রাউন্ডারের দল। সেখানে মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ইভিন লুইস, সাকিব নিজে এবং নাসির হোসেন, মোসাদ্দেক হোসেনের মতো তারকা। স্যামির রাজশাহী একতার দল। হাসতে হাসতে খেলে তারা। ওখানে দেশের সাব্বির রহমান, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজরা আছেন। আছেন উদীয়মান ১৭ বছরের আফিফ হোসেন ধ্রুব। ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামস আগুন যেন। ফরহাদ রেজা পারফর্মার। স্যামি নিজে জেতাচ্ছেন ম্যাচ। জেমস ফ্র্যাঙ্কলিন ব্যাটে বিস্ফোরক। সব মিলিয়ে তারাও সহজ দল না।

এলিমিনেটর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে রাজশাহী। এরপর ওখানে খুলনা টাইটান্সকে ৭ উইকেটে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল। আর ঢাকা ফাইনালে ওঠে প্রথম কোয়ালিফায়ারে খুলনাকে ৫৪ রানে হারিয়ে।

এবার শিরোপা সাকিব না স্যামির? যার হাতেই উঠুক বিপিএল পাচ্ছে নতুন অধিনায়ক। আগের তিন আসরেরই শিরোপা উঠেছিল যে মাশরাফি বিন মুর্তজার হাতে!

জারিফ