আগামীকাল শুক্রবার রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপিএল যাত্রা।
মাঠে নামার আগে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক এবং কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মুখোমুখি হলেন গণমাধ্যমের। বললেন বিপিএল নিয়ে তার ভাবনার কথা।
পূর্বের বিপিএল আসরগুলোতে ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সেই পেমেন্টর জটিলতাও অনেকটাই কেটে গেছে বলে মনে করেন মাশরাফি। তার ভাষায়, "অনেক কিছুই হয়েছে বিপিএলে পেমেন্ট নিয়ে আর যা কিছুই বলেন। এটা আমাদের ভাবার কোনো ব্যাপার না।
বোর্ড আমাদের সেই জায়গাটা দিয়ে দিয়েছে যে বোর্ড আমাদের পেমেন্ট করে দেয়। তো এটা নিয়ে আমাদের ভাবার সুযোগও নেই। আর শেষ বছর যদি দেখেন বেশিরভাগ দলই পেমেন্ট করে দিয়েছে।"
বিপিএল নিয়ে তার ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যাশ বলেন, "আমরা যেহেতু খেলোয়াড়, আমাদের খেলার মাঠটা ঠিক থাকাটা জরুরী। মাঠে যেন আমরা ক্লিয়ার ক্রিকেট খেলতে পারি। আমাদের সেদিকে ফোকাস রাখতে হবে।
আর বাইরের জিনিসিটা আমাদের ভালো ভাবার বিষয় না। খেলোয়াড় হিসেবে মনে করি মাঠের খেলাটা যেন আমরা ইতিবাচকভাবে খেলতে পারি। এটা অবশ্যই আমরা আশা করি। আমি মনে করি বিপিএলটা এখন খুব ইতিবাচবকভাবে এগোচ্ছে।"
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় নিয়েও কথা বললেন জাতীয় দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক। তার মুখে ঝড়ে পড়ল উচ্ছাস। "এটা বাংলাদেশের অন্যতম সেরা জয়। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি গর্বিত। একটা টেস্ট ম্যাচ তাও আবার টপ ক্লাস দলের বিপক্ষে জেতা।
মুশফিক বাহিনীর সদস্যদের নিয়েও তার উচ্ছাস কম নয়-"আমি নিশ্চিত যে যারা খেলেছে অবশ্যই গর্বিত। তাদের দায়িত্বও অনেক বেশি আসবে। আপনি যখন ম্যাচ জিততে থাকবে দায়িত্ব অনেক বাড়ে। সেটা নিতেও সুবিধা হয়।
তো আমার বিশ্বাস যে ছেলেরা যেভাবে খেলেছে অসাধারণ। এবং আমার বিশ্বাস এই টেস্ট ম্যাচ জয়ের কারণে সামনে আমরা অনেক টেস্ট ম্যাচে ভালো খেলবো।"
এমবি





