আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের লোগো উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আগামী ২৯ জানুয়ারি শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। ঢাকায় ও সিলেটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশহণ করবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি।
গ্রুপ পর্বের লড়াইয়ের জন্য দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। 'বি' গ্রুপের তিন দল হল বাহারাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।
মোট নয়টি ম্যাচের মধ্যে গ্রুপ পর্বের দুটি ও একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সিলেট স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠান, ফাইনাল ম্যাচসহ বাকি ম্যাচগুলো ঢাকাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন। তার বক্তব্যে তিনি বলেন, ফুটবল খেলা বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে পরিচিত করতে বাফুফে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর উন্নতির জন্য যা করা দরকার তা আমাদের পক্ষ থেকে করা হবে।"
বাফুফে সভাপতি কাজী সালাহাউদ্দিন বলেন, "এ ধরনের একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ফুটবলে বিশ্বে আমাদের মান উন্নতি করে।"
বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে তিনি জানিয়েছেন, "চ্যাম্পিয়ন হওয়া তো অবশ্যই লক্ষ্য থাকবে। তবে কম পক্ষে সেমিফাইনালে খেলা আমাদের লক্ষ্য।"
জেডআই





