জাতীয় দলের জন্য কোচ খুঁজে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

শুক্রবার পিসিবির এক বিবৃতিতে, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের নাম ঘোষণা করেছে পিসিবি। জানানো হয়েছে, চলতি মাসের শেষ দিকে পাকিস্তান দলের কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন তিনি।

মিকি আর্থারের জন্য এটি তৃতীয়বারের মতো কোনো আন্তর্জাতিক দলের কোচ হওয়ার ঘটনা। এর আগে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচ ছিলেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছর আইসিসি টি২০ বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের পর কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস।

এরপর দেশটির পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং অপর দুই সাবেক তারকা রমিজ রাজা ও ফয়সাল মির্জার সমন্বয়ে ৩ সদস্যের একটি প্যানেল গঠন করেছিল পিসিবি; দলের জন্য একজন সঠিক কোচ খুঁজে বের করতে।

আকরামদের সেই প্যানেল কোচ হিসেবে ৪ জনের নাম প্রস্তাব করেছিল পিসিবির কাছে। শেষ অব্দি যাচাই-বাছাই করে মিকি আর্থারকেই বেছে নেওয়া হয়েছে কোচ হিসেবে। অবশেষে পাকিস্তান জাতীয় দলের কোচ হতে চলেছেন আফ্রিকান এই নাগরিক।

এসএম