চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় সেমিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনিরা।

বৃহস্পতিবার হায়াদ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে টসে হেরে যাওয়া চেন্নাই। শুরুটা ভালো করতে পারেনি দলটির টপ অর্ডার ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটির ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়ানডাউনে নামা সুরেশ রায়না উভয়ই ৬ রান করে সাজঘরে ফিরে যান। ওপেনার ডোয়াইন স্মিথ করেন ১৪ রান।

চেন্নাইর দলের হাল ধরেন ডু প্লেসিস ও ডোয়াইন ব্রাভো। ৩৯ বলে ৪৬ রান করে প্লেসিস আউট হলেও থেমে যাননি ব্রাভো। সপ্তম উইকেটে মাঠ ছাড়ার আগে ৩৯ বলে মোকাবিলা করে ৬৭ রান করেন। এতে সাতটি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।

দলনেতা ধোনি রানের খাতা খোলার আগে মাঠ থেকে বিদায় নিলেও আগ্রাসী ছিলেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে মাত্র ১৩ বলে ২৭ রান করেন এই অল রাউন্ডার। তার এ স্কোরের সুবাদে সাত উইকেটে ১৮২ রান সংগ্রহ করে চেন্নাই।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে পাঞ্জাব। ইশান্ত শর্মা ও নেহরার বোলিং তোপে ২৪ রানে চার উইকেট হারায় দলটি। অষ্টম ওভারের প্রথম ও তৃতীয় বলে জোড়া আঘাত হানেন নেগি। তখন দলটির দলীয় স্কোর মাত্র ৩৪ রান।

৩৪ রানে ৬ উইকেট হারানো পাঞ্জাব ৯০ রান সংগ্রহ করতে হারায় ৯টি উইকেট। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে শেষ উইকেট হারানোর আগে ১১৭ রান জমা করতে পারে জর্জ বেইলির দল। ফলে ৬৫ রানে হেরে যায় তারা।

দলের পক্ষে পাটেলের ১৮ বলে ৩১ রানই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া মিলারের ১৪ বলে ২২ রান ও করনবীর সিংহের ২৫ বলে হার না মানা ১৭ রানই উল্লেখযোগ্য।

আগামীকাল শনিবার ব্যাঙ্গালুরেতে কলকাতা ও চেন্নাইর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জেডআই