শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে চেলসি। ম্যানইউর শিরোপার সম্ভাবনা খুব একটা না থাকলেও এই ম্যাচ জিতলে আর্সেনালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যাবে তারা।

লিগে ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। একটি করে ম্যাচ বেশি খেলে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় এবং ৬৫ পয়েন্ট নিয়ে ম্যানইউ তৃতীয় স্থানে রয়েছে।

এদিকে এই ম্যাচে ডাগআউটে আরেকবার পুনর্মিলনী হতে যাচ্ছে দুই বন্ধু হোসে মরিনহো ও লুইস ফন গালের। তবে বন্ধু নয়, ডাগআউটে আজ রাতে দুজন হাজির হবেন ‘প্রতিদ্বন্দ্বী’ হিসেবে। বার্সেলোনাতে ফন গাল কোচ থাকাকালীন তার সহকারী ছিলেন মরিনহো। আর সময়ের পরিক্রমায় এখন মরিনহো চেলসির এবং ফন গাল ম্যানইউয়ের কোচ।

প্রিমিয়ার লিগে দুই দলের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে আজ জয় পেতে মরিয়া থাকবে দুই দলই। যদিও লিগে চেলসিকে তাদের ঘরের মাঠে শেষ ১২ ম্যাচে একবারই হারাতে পেরেছে ম্যানইউ। ৭টিতে চেলসি জিতেছে এবং অপর ৪টি ম্যাচ ড্র হয়েছে।

তবে লিগে নিজেদের শেষ ছয় ম্যাচেই জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে ম্যানইউ। শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারায় ‘রেড ডেভিলরা। ফলে আজকেও জ্বলে উঠতে পারেন ম্যানইউয়ের খেলোয়াড়রা।

অপরদিকে চেলসিও কম যাচ্ছে না। সব ধরনের প্রতিযোগিতা মিলে শেষ ১৩ ম্যাচে অপরাজিত মরিনহোর দল। সব মিলিয়ে রাতে দুই দলের জমজমাট এক লড়াই অপেক্ষা করছে।

ইআর