টেস্ট ক্রিকেটে নিজের নামের পাশে এরই মধ্যে ২১টি সেঞ্চুরি যোগ করেছেন এবি ডি ভিলিয়ার্স। এবার অন্যরকম একটি ‘সেঞ্চুরি’ করলেন দক্ষিণ আফ্রিকার এই মারকুটে ব্যাটসম্যান। শততম টেস্ট ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি।
শনিবার ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে এই কীর্তি গড়েছেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার হিসেবে একশ’টি টেস্ট খেলার রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সি এই তারকা ব্যাটসম্যান।
প্রোটিয়াদের হয়ে সবেচেয়ে বেশি টেস্ট খেলেছেন জ্যাক ক্যালিস। ১৬৫ টেস্ট খেলেছেন এ অলরাউন্ডার। এরপর আছেন মার্ক বাউচার (১৪৬), গ্রায়েম স্মিথ (১১৬), শন পোলক (১০৮), গ্যারি কারস্টেন (১০১) ও মাখায় এনটিনি (১০১)।
ডি ভিলিয়ার্সের পর এলিট এই ক্লাবে যোগ দেওয়ার সম্ভবনা আছেন হাশিম আমলার। ব্যাঙ্গালুরুতে নিজের ৮৬তম টেস্ট ম্যাচ খেলছেন তিনি। তার অনেক পরে আছেন পেসার মরনে মরকেল। তিনি খেলছেন ৬৫তম ম্যাচ।
চলতি ম্যাচের আগে ৯৯ টেস্টে ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ৭ হাজার ৬৮৫ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত যা তৃতীয় সর্বোচ্চ রান। জ্যাক ক্যালিস ১৩ হাজার ২৮৯ ও গ্রায়েম স্মিথ করেছেন ৯ হাজার ২৫৩ রান।
ভিলিয়ার্সের ২১ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৭টি হাফ সেঞ্চুরি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৭৮। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে আবুধাবিতে ইনিংসটি খেলেছিলেন তিনি।
তার ক্যারিয়ারের একটি ডাবল সেঞ্চুরিও আছে, ভারতের বিপক্ষে। ২০০৮ সালে আহমেদাবাদ টেস্টে ২১৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এসএইচ





