আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। রোববার দুপুর ১২টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য জানিয়েছেন।
কয়েকদিন আগে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে দলে ফিরেছেন। তবে দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।
এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকতার কথা মাথায় রেখে আফগানিস্তান সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার দিকে যাননি তারা।
বাংলাদেশ স্কোয়াডের ১৫ সদস্য হলেন-
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ।
আফগানিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশ মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে জিতেছিল। তারপর থেকে অনেক এগিয়েছে আফগানিস্তান। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দলটি রয়েছে ৮ নম্বরে। যেখানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।
২৯ মে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের দেরাদুনে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আগামী ৩, ৫ ও ৭ জুন দেরাদুনের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। একমাত্র প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১ জুন।





