পোল্যান্ডের কাছে হারের দুঃখ ভোলার আগেই আবার ধাক্কা খেয়েছে জার্মানি। ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে আয়াল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে জার্মানির টনি ক্রুস ও আয়ারল্যান্ডের জন ও’শেয়া গোল দুটি করেন।
নিজেদের মাঠে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত জার্মানি। এরিক ডুর্মের শট গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে বাইরে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
আট মিনিট পর সুবিধাজনক জায়গায় বল পেলেও অরক্ষিত রুডিগার হেড লক্ষ্যে রাখতে না পারায় জার্মানির আরেকটি সুযোগ হাতছাড়া হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেয়ার সুযোগ আসে উলিয়ান ড্রাক্সলারের সামনে। টমাস মুলারের কাছ থেকে বল পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শট নেন তিনি। তবে আয়ারল্যান্ডের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে আগের ম্যাচেই পোল্যান্ডের কাছে ২-০ গোলে হারা জার্মানি। ৫০ থেকে ৫৫ এই ছয় মিনিটে তাদের তিনটি আক্রমণ ব্যর্থ করে দেন অতিথি দলের গোলরক্ষক।
৭১তম মিনিটে আর পারেনি আয়ারল্যান্ড। ডি বক্সের বাইরে থেকে ক্রুসের জোরালো শট বারে লেগে জালে জড়ালে এগিয়ে যায় জার্মানি।
পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক হয়ে উঠে আয়ারল্যান্ড। নব্বই মিনিট পর্যন্ত তাদের ঠেকিয়ে রেখেছিলেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার। যোগ করা সময়ে আর পারেননি।
জেড হেনড্রিকের ক্রসে চমৎকার ভলিতে খেলার একেবারেই শেষ সময়ে জার্মানির জালে বল পাঠান জন ও’শেয়া।
‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পোল্যান্ড। আর অন্য ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়েছে জর্জিয়া।
তৃতীয় রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই পোল্যান্ড। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরেই আছে আয়ারল্যান্ড।
তিন নম্বরে থাকা জার্মানির পয়েন্ট চার। গোল পার্থক্যে পিছিয়ে চার নম্বরে রয়েছে স্কটল্যান্ড।
‘ই’ গ্রুপের একমাত্র ম্যাচে সান ম্যারিনোকে ৪-০ গোলে হারায় সুইজারল্যান্ড।
জেআই





