কী করবেন এখন ইনিয়েস্তারা? ডাচ লজ্জার পর চিলি লজ্জা। তবে, এবার আর রক্ষা হলো না। চূড়ান্তভাবেই ধরাশায়ী হলো স্পেন। চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ইনিয়েস্তার লাল বাহিনী।
বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ডাচ লজ্জা থেকে পরিত্রাণ পেতে বেশ তোড়জোরই শুরু করেছিল স্পেন। পাসের ফোয়ারাও ছোটায় তারা। মাঝ মাঠেও রাজত্ব কায়েম করে। ছোট ছোট পাসের মাধ্যমে বারবার আক্রমণে ওঠে। কিন্তু বরাত যে খারাপ!
স্পেনকে কামড় দেয়ার জন্য 'মরিচ দেশ' চিলি যে নিজেকে এত ধার করে রেখেছিল তা কে জানত! কাউন্টার অ্যাটাকে স্পেনকে বিধ্বস্ত করে চিলি। এই রকম একটি আক্রমণ থেকেই ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় চিলি। আলেক্সিজ সানচেজের বাড়ানো বলে এদুয়ার্দো ভার্গাস চিলিকে প্রথমবার আনন্দের উপলক্ষ এনে দেন।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই বিরতির ঠিক আগে আবারো উচ্ছ্বাসে ভাসে মার্সেলো ডিয়াজ ও আর্তুলো ভিদালরা। যখন চার্লস আরানগুয়িজ জর্জ সাম্পাওলির মুখের হাসিটাকে আরো চওড়া করে স্কোরলাইন ২-০ করেন। অবশ্য এদিন স্পেন যে একেবারে ঘুমিয়ে খেলেছে কিংবা নির্বিষ ছিল এমনও নয়। আসলে ম্যাচ ডে ফরচুন বা দিনের খেলার ভাগ্য সহায় ছিল না স্প্যানিয়ার্ডদের। যদি তারা ভাগ্যের সহায়তা পেত তাহলে ৩-২ কিংবা ৪-২ ব্যবধানে জিততে পারত।
স্প্যানিয়ার্ডদের জন্য এবারের সমীকরণটা একটু ভিন্ন ছিল। বিশ্বকাপস্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ভিসেন্ত দেল বস্কের শিষ্যদের। অর্থাৎ, ডু অর ডাই ম্যাচ। কিন্তু এই সমীকরণ জেনেও কিছুই করতে পারেনি ডেভিড সিলভা-ডিয়াগো কস্তা-সার্জিও রামোসরা। বুধবার ‘বি’গ্রুপের খেলায় চিলির বিপক্ষে বাঁচন-মরণ ম্যাচ খেলতে নেমে ২-০ ব্যবধানে হেরে যায় বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে টুর্নামেন্ট থেকে ছুটির ঘণ্টা বাজে তাদের। স্পেনকে এমন কান্নার স্বাদ দিয়েছে নেদারল্যান্ড আর চিলি মিলে, তা কবে শুকাবে কে জানে?
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





