পাকিস্তানের ২৩৯ রানের জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে শতক পূর্ণ করেছে টাইগাররা। তবে এরপর সাজঘরে ফিরে গেছেন ওয়ানডাউনে মাঠে নামা মাহমুদুল্লাহ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তামিম ইকবাল (৬০) ও মুশফিক (০)।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে থেকেই মারমুখী ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তৃতীয় ওভারে জুনায়েদ খানের প্রথম তিন বলে পর পর তিনটি চার মারেন সৌম্য। তবে পঞ্চম বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের হাতে ক্যাচ আউট হন। মাঠ ছাড়ার আগে ১১ বলে ৪ চারে ১৭ রান করেন।

তবে চারের মার চালু রাখেন তামিম ও মাহমুদুল্লাহ। ফলে ১২ চারে পূর্ণ হয় অর্ধশতক। আর প্রথম ১০ ওভারে ৮৩ রান সংগ্রহ করতে চার মেরেছে মোট ১৮টি। যেখানে পুরো ইনিংসে ১৯টি চার মেরেছে পাকিস্তান।

দেখতে দেখতে শত রান পূর্ণ করে বাংলাদেশ। এরপরই সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে যান ২৭ বলে ১৭ রান করা মাহমুদুল্লাহ।

এর আগে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে টসজয়ী পাকিস্তান।

এই ম্যাচে বাংলাদেশ দলকে উৎসাহ জানাতে গ্যালারিতে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেডআই