নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর থেকে শঙ্কা জেগেছিল বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ঢাকায় আসবে তো অস্ট্রেলিয়া ফুটবল দল?
বাংলাদেশ ছাড়া বিকল্প ভেন্যু নির্ধারণের জন্য ফিফার কাছে একাধিকবার আবেদনও করে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ)।
অবশেষে এ অনিশ্চয়তার মেঘ কেটেছে। ফিফার পর্যবেক্ষক দলের সদস্যরা বাংলাদেশর নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিফা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
বাফুফে সভাপতি বলেন, ‘ফিফার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হবে বাংলাদেশে। অস্ট্রেলিয়া এর আগে নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা বলেছিল। আমরা আমাদের ভেন্যুতে খেলার ব্যাপারে কনফিডেন্ট। তবে ফিফা যে ভেন্যুতে খেলার সিদ্ধান্ত দেবে সেখানেই খেলা হবে। আগে এ ধরনের ম্যাচে নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি। এখনও কোনো সমস্যা হবে না।
গত সেপ্টেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পর্যবেক্ষক দলের ফিরে যাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে ফিফা বাছাইপর্বের ফিরতি ম্যাচ নিয়ে শঙ্কা তৈরী হয়। তবে সব যাচাই-বাছাই শেষে অবশেষে ফিফার পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পাওয়ায় আগামী ১৪ নভেম্বর ঢাকা আসছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
আগামী ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ অনুষ্টিত হবে। এর আগে ৩ সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ৫-০ গোলে হেরেছিল মামুনুল-এমিলিরা।
এমকে





