১১৮তম আইএফএ শিল্ডে খেলতে ভারতে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিদেশের মাটিতে প্রথম ম্যাচে শুরুটা ভালোই হয়েছিল তাদের। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের ক্লাবটিকে। রোববার কলকাতার সল্ট লেকে স্বাগতিক মোহামেডান সকার ক্লাবের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
বিরতির আগে খেলার নিয়ন্ত্রণ ছিল শেখ জামালের হাতেই। বিরতিতে যাওয়ার চার মিনিট আগে সনি নর্দের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির পর ১০ মিনিট পার হয়ে গেলেও গোলটি শোধ করতে পারেনি কলকাতার ক্লাবটি। অবশেষে খেলার ৫৮ মিনিটে অশ্বিন বিশ্বাসের গোলে সমতায় ফেরে তারা। এরপর দুই দলই আক্রমণ চালালে খেলাটি ড্রয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু ৮৫ মিনিটে জোশিমারের গোলে লিড নেয় মোহামেডান। এরপর আর কোনো গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে সিকিম ইউনাইটেড ফুটবল ক্লাবের বিপক্ষে খেলবে শেখ জামাল।
৬ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতার আরেক ঐতিহ্যবাহী দল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
ঢাকা,৩ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই