বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন যে অস্ট্রেলিয়াকে হারানো এটাই সবচেয়ে বড় সুযোগ। তবে সে কাজটিও যে সহজ হবে না, এটাও মনে করিয়ে দিলেন তিনি।
আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা পৌঁছাবে অস্ট্রেলিয়া। ১৪ সেপ্টেম্বর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। অ্যাশেজের পর অনেক খেলোয়াড় অবসর নেয়ায় এবং চোট ও বিশ্রাম দেয়ায় অনেকটা নতুন দল নিয়ে বাংলাদেশে আসছে অসিরা।
এ নিয়ে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদেরকে মুশফিক বলেছেন, "অস্ট্রেলিয়াকে হারানোর এর চেয়ে বড় সুযোগ আর হয় না। অবশ্যই চেষ্টা করব দুটি টেস্টে আমাদের শতভাগ দেওয়ার। সত্যি বলতে, চেষ্টা করব শতভাগের বেশি দেওয়ার।"
তবে অস্ট্রেলিয়াকে যে সহজ ভাবে নেওয়ার সুযোগ নেই, সেটাও মনে করিয়ে দিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তিনি বলেছেন, "দলটা প্রত্যাশিতই। জনসন আর হেইজেলউডের তো বিশ্রাম পাওয়ারই কথা। আমাদের যা অনুমান ছিল, তাদের প্রায় সবাই আসছে। দুজন নতুন ক্রিকেটার (ক্যামেরন ব্যানক্রফট ও অ্যান্ড্রু ফেকেটে) আছেন, ওদের সম্পর্কে তেমন ধারণা নেই। তবে এখনও অনেক সময় আছে, আমরা জেনে নেব। যদিও তরুণ দল, কিন্তু দলটি অস্ট্রেলিয়া। আমাদের সেটি ভুলে গেলে চলবে না।"
জেডআই





