থাই ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। দলের পক্ষ থেকে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেনে রোববারের ২০ রানের পরাজয়ের ম্যাচে ২৮ বছর বয়সী এই অল রাউন্ডার আহত হন। গাব্বার আউটফিল্ডে একটি বল ধরতে গিয়ে তিনি থাইয়ে চোট পান।

জিম্বাবুয়ের দলীয় এক বিবৃবিতে বলা হয়েছে, এমআরআই রিপোর্টে চিগুমবুরার থাইয়ের পেশীতে যে চোট ধরা পড়েছে তাতে তাকে কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। এ কারণেই আয়ারল্যান্ডের বিপক্ষে হোবার্টের বেলেরিভ ওভালের ম্যাচটিতে তিনি খেলতে পারবেন না।

গ্রুপ-বি’তে চার ম্যাচে জিম্বাবুয়ে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে দুই পয়েন্ট অর্জন করেছে। গ্রুপের অপর তিন ম্যাচে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের কাছে পরাজিত হয়েছে।

শনিবারের ম্যাচের পরে আগামী ১৪ মার্চ অকল্যান্ডে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা গ্রুপ পর্ব শেষ করবে।

জেডআই