শনিবার রাতেই নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এল ক্লাসিকো জিতে পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে বার্সার।

একইভাবে ব্যবধান কমানোর সুযোগ রয়েছে রিয়ালের। তবে এসব ছাপিয়েও কাতালানদের প্রাণভোমড়া মেসিও থাকছেন এক অনন্য অর্জনের সামনে।

আর মাত্র এক গোল করতে পারলেই পেশাদার ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করবেন লিও।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১২টায় মর্যাদার ক্লাসিকোতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেই ৫০০তম গোলের মাইলফলকটি গড়তে চান পাঁচবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী এই তারকা।

গত সপ্তাহে মেসি বলেছেন, ‘রিয়ালের বিপক্ষে এই কীর্তি গড়তে পারাটা হবে দুর্দান্ত। আমরা যদি জিতে ওদের বিপক্ষে এগিয়ে থাকার সুবিধাটা আরও এগিয়ে নিতে পারি, সেটাও হবে দারুণ কিছু।’

এল ক্লাসিকোতে মেসির রেকর্ডও সেই কথাই বলে। আলফ্রেড ডি স্টেফানো, রাউল গঞ্জালেস ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ক্লাসিকোতে সর্বোচ্চ গোলদাতার মালিক এখন এই আর্জেন্টাইন যাদুকর। রিয়াল ও বার্সার মধ্যকার লড়াইয়ে ২১ গোল করে সবার ওপরে রয়েছেন মেসি।

ওএফ