বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। খবরটি নিশ্চিত করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল।

নাফিসা কামাল জানান, এ আসরে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন না। তাই আমরা মুশফিকুর রহিমের সাথে এক বছরের চুক্তিবদ্ধ হয়েছি। চলতি বছরে ভিক্টোরিয়ান্সের আইকন হিসেবে থাকবেন টেস্ট অধিনায়ক।

বিপিএলের গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন মুশফিক। গত আসরে ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেছিলেন বাংলাদেশ দলের উইকেটকিপার ও টেস্টের অধিনায়ক। তার ব্যাটে ভর করে সেমিফাইনালে খেলেছিল ভাইকিংস।

আগের আসরে কুমিল্লার আইকন ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল। ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন তিনি। তবে এবারের আসরে যে তিনি কুমিল্লার সঙ্গে থাকছেন না, সেটা নিশ্চিত করেই দিয়েছেন নাফিসা কামাল।

এ নিয়ে এবারের বিপিএলে দুটি দল তাদের আইকন খেলোয়াড় চূড়ান্ত করলো। মুশফিকের আগে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে।

এসএম