ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল ভারতের ছয় বছরের এক বালকের। খেলার সঙ্গীদের সঙ্গে নিজ বাড়ির পাশে খেলার সময় একটি বল সজোরে তার বুকে গিয়ে লাগে।

হায়দরাবাদের বানাসথালিপুরামের সাহারা স্টেটে বৃহস্পতিবার টি বামশি কৃষ্ণ নামের বালকটি নিহত হয়। পুলিশ জানায়, বাড়ির পাশে খেলার সময় অন্য বালকের ছোড়া দ্রুত গতির বল বামশির বুকে আঘাত করায় তার মৃত্যু হয়েছে।

পুলিশের ভাষ্য মতে, আঘাত পাওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে বামশি। পরে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তবে বামশির বাবা-মা এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, ১৪ বছর বয়সি এক কিশোরের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এই কিশোর তখন ব্যাট করছিল।

ভারতে এই সপ্তাহে ক্রিকেট খেলতে গিয়ে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। গত সোমবার কলকাতায় অনূর্ধ্ব-১৯-এর খেলোয়াড় অঙ্কিত কেশরী ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়ে মারা যান।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এসএইচ