চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬'র প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এগিয়ে আছে বার্সেলোনা। এবার দ্বিতীয় লেগের লড়াইয়ে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ইংলিশ ক্লাবটিতে স্বাগত জানাবে তারা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে খেলাটি শুরু হবে।
নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচে পিছিয়ে পড়ার পর চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত কোনো দল আর ফিরতে পারেনি। তিন সপ্তাহ আগে ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা।
ইতোমধ্যে সিটি সফরের পর লা লিগায় ফিরে ব্যাপক ভাবে বিধ্বস্ত হয়েছে শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্নে বিভোর বার্সেলেনা। লিগে তারা হার মেনেছে ধারাবাহিকভাবে। রিয়াল সোসিদাদের কাছে পরাজিত হওয়ার পর ভ্যালাদোলিদের কাছেও হার মানতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে।
আসন্ন ম্যাচের জন্য স্কোয়াড গঠনের জন্য পুরোপুরি ফিট খেলোয়াড়দেরকেই পাচ্ছেন বার্সা কোচ জেরার্ডো মার্টিনো। সে ক্ষেত্রে প্রথম লেগে অংশ নেয়া স্কোয়াডটিকেই মাঠে নামাতে পারেন তিনি। দলে হয়তো একটি পরিবর্তন আশা করা হচ্ছে। চিলির তারকা অ্যালেক্সিস সানচেজের স্থলে উপরের দিকে ফিরতে পারেন নেইমার।
বার্সার মত ঘরোয়া ফুটবলে হতাশার মধ্যে সময় কাটিয়েছে ম্যানচেস্টার সিটিও। উইগানের কাছে হেরে এফএ কাপের শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে দলটি। গত বছরের ফাইনালেও এই দলটি তাদের পরাস্ত করেছিল।
রোববার বিশ্রামে পাঠানো ব্রাজিলের আন্তর্জাতিক তারকা ফার্নান্দিনহো এবং অধিনায়ক ভিনসেন্ট কোম্পানীকে ফের দলে ডেকে পাঠাতে পারেন সিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। কারণ বার্সার সম্মুখ সমরে থাকা মেসি ও নেইমারকে ভয় ধরিয়ে দেয়ার ক্ষমতা কোম্পানির রয়েছে। এর মাধ্যমে তার দলটি হয়তো সামনে এগিয়ে যাবার কিছুটা সুযোগ সৃষ্টি করতে পারবে।