আগের দিনের ভারী বর্ষণে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় জাতীয় লিগে ঢাকা মেট্রো বনাম ঢাকা বিভাগের মধ্যকার চারদিনের ম্যাচের ৩য় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে অনুশীলনের মধ্য দিয়েই দিন পার করেছেন দুই দলের খেলোয়াড়রা। আর দীর্ঘদিন খেলার বাইরে থাকা আশরাফুলের আজও মাঠে নামার সুযোগ হলো না।
গতকাল সোমবার মৌসুমের সর্বোচ্চ ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয় বগুড়ায়। ফলে শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আউটফিল্ডে পানি জমে যায়। আজ মঙ্গলবার সকালে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করে আম্পায়ারগণ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর উভয় দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করে। মঙ্গলবার সকাল থেকেই বগুড়ার আকাশে রোদ থাকায় আউটফিল্ড অনেকটাই শুকিয়ে গেছে। নতুন করে বৃষ্টিপাত না হলে বুধবার ম্যাচের শেষ দিনের খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির সহকারি পিচ কিউরেটর শেখ হুমায়ন কবির।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর বৃষ্টি বিঘ্নিত উদ্বোধনী দিনে টসে জিতে ঢাকা মেট্রো প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ১৫ ওভার শেষে ২ উইকেটে ৪৭ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বল আর গড়ায়নি। খেলা না হওয়ায় দীর্ঘ খেলার বাইরে থাকা মোহাম্মদ আশরাফুল নিজেকে প্রমাণের সুযোগ পাননি।
এসএ





