চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করলেও গত মৌসুমটি বাজে কাটিয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। সবার কাছে স্যার অ্যালেক্স ফার্গুসনের যোগ্য উত্তরসূরির অভাবটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার ইউনাইটেডের দায়িত্ব লুইস ভ্যান গলের কাঁধে। তার অধীনে শুরুতেই গোলে ঝড় তুলল ওয়েন রুনিরা। ডাচ গুরুর অভিষেক ম্যাচে লা গ্লাক্সিকে ৭-০ গোলে উড়িয়ে দিল তারা।

বুধবার ক্যালিফোর্নিয়ায় রোজ বল মাঠে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ওয়েন রুনি, রিচি জেমস ও অ্যাশলে ইয়ং প্রত্যেকেই জোড়া গোল করেছেন। আর ড্যানি ওয়েলব্যাকের একমাত্র গোলে বড় জয় পেয়েছে কোচ ভ্যান গলের শিষ্যরা।

ম্যানইউর দায়িত্ব নেয়ার আগে নেদারল্যান্ডস দলের দায়িত্ব পালন করেছিলেন ভ্যান গল। তার অধীনে ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হয়েছে ডাচরা। সেখানে ৩-৪-১-২ ফরম্যাটে দলকে সাজিয়েছিলেন এই কোচ। ইউনাটেডে নিজের অভিষেক ম্যাচেও একই ফরম্যাট বেছে নিলেন তিনি। আর সাফল্য পেয়েছেন দুই হাত ভরে।

এদিন খেলার ১৩ মিনিটে গোলের সূচনা করেন ওয়েলব্যাক। হুয়ান মাতার কাছ থেকে বল পেয়ে গোলপোস্টের ২৫ গজ দূর থেকে গোল করতে ভুল করেননি তিনি।

এরপর ঘুরে দাঁড়ানোর জন্য বেশ লড়াই করে লা গ্লাক্সি। কিন্তু খেলার ৪২ মিনিটে হ্যান্ড বলের কারণে পেনাল্টি পেয়ে যায় ইউনাইটেড। সেখান থেকে গোল করতে ভুল করেননি রুনি। বিরতিতে যাওয়ার আগে ইনজুরি টাইমে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

বিরতিতে পাইকারি বদলি করেন ভ্যান গল। ১১ জনের মধ্যে নয় জন ফুটবলারকেই পরিবর্তন করেন তিনি। ফ্লেচার ও হেরেরাই উভয়ার্ধে খেলার সুযোগ পেলেন।

ফলাফল খারাপ হয়নি। উল্টো আরো বেশি ভালো হয়েছে। ৬২ মিনিটে ইউনাটেড গোল উপহার দেন রিচি জেমস। এই গোলটিতে অবদান রাখেন রুনির বদলে খেলতে নামা অ্যাশলে ইয়ং। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ফের আঘাত হানেন জেমস। ফলে ৫-০ গোলে এগিয়ে যায় ম্যানইউ।

জোড়া গোল করা রুনির পরিবর্তে খেলতে নেমে নিজের জাত চেনালেন অ্যাশলে। ৮৮ ও ৯০ মিনিটে পর পর দুটি গোল করে দলের ৭-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

ঢাকা, ২৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই