প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে নেমে ইনজুরিতে পড়লেন ব্রাজিলীয় ডিফিন্ডার থিয়াগো সিলভা। আগামী কয়েক সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গত সোমবার নাপোলির বিপক্ষে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। কিন্তু রক্ষণভাগের প্রাণভোমরাকে আগামী কয়েক ম্যাচের জন্য হারালেন কোচ লরেন্ট ব্লাঙ্ক।
এই ম্যাচের শুরুতেই মাঠে নেমেছিলেন সিলভা। কিন্তু মাত্র ১৪ মিনিটেই চোট পান তিনি। ফলে মাঠ তুলে নিতে হয় দলনেতাকে। মঙ্গলবার তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর জানা যায়, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "পরীক্ষার পর নিশ্চিত করা হয়েছে যে সিলভার সমস্যা গুরুতর। ডান পায়ে পেশিতে চোট পেয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।"
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





