ব্রাজিলীয় সুপারস্টার নেইমার বলেছেন যে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তার জন্য একজন আইডল। সেই সঙ্গে আরো জানিয়েছেন, মেসি ও রোনালদোর সঙ্গে ফিফা ব্যালোন ডি'অরের জন্য মনোনীত হওয়া তার জন্য বড় মর্যাদার বিষয়।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ২০১৪ সালে যোগ দিয়েছেন নেইমার। সেখানে চারবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। আর শুরু থেকেই তাদের মধ্যে সম্পর্কটাও দারুণ।
'গ্লোব' টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, "আমার জন্য মেসি একজন বন্ধু ও আইডল।"
গত মৌসুমে বার্সার হয়ে ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পান নেইমার। আর এতে অবদান রেখে ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে ফিফা ব্যালোন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার স্বপ্ন দেখছেন তিনি। আর এটা হলে নিজেকে সম্মানিত মনে করবেন এই তারকা।
তবে নিজেকে এখনও সেরা হিসেবে ভাবছেন না নেইমার। তিনি বলেন, "শেষ তিন জনের তালিকায় নাম থাকাটাই আমার জন্য বড় অর্জন। মেসি ও রোনালদোর পরে আমার নাম থাকাটা একটা স্বপ্নের মতো। এটা একটা বড় সম্মানের বিষয়।"
জেডআই





