চুক্তির মেয়াদ শেষ পর্যায় চলে আসলেও চুক্তি নবায়নে কোনো প্রস্তাব না আসায় বার্সেলোনা ছেড়ে যেতে প্রস্তুতি নিয়েছেন দানি আলভেস। আসন্ন গ্রীষ্ম মৌসুমেই বার্সেলোনা ছাড়ার সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আলভেসের এজেন্ট ডিনোরাহ সানটানা।
আগামী ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার দলবদলের উপর নিষেধাজ্ঞা থাকায় ধারণা করা হয়েছিল রাইট ব্যাক ডানি আলভেসের সাথে মৌসুম শেষে বার্সেলোনা নতুন করে চুক্তি করবে। কিন্তু রক্ষণভাগে অভিজ্ঞ খেলোয়াড়ের ঘাটতি থাকা সত্তেও আলেভেসের সাথে এই ব্যপারে ক্লাবের পক্ষ থেকে কোন আলোচনা করা হয়নি।
বার্সেলোনার এই ধরনের আচরণে অনেকটা ক্ষুব্ধ হয়ে সানটানা বলেছেন, ‘তারা এ ব্যপারে আমাদের সাথে কোন যোগাযোগ করেনি। তাদের এই আচরণে আমি ধরেই নিয়েছি তারা ডানি আলভেসকে আর দলে চায়না। এই কারনেই আমরা নতুন ক্লাবের সন্ধান করছি। আমরা বার্সেলোনার জন্য অপেক্ষা করতে পারি না। তাদেরই এ ব্যপারে এগিয়ে আসতে হবে। আলভেস এখানে সাত বছর কাটিয়েছে এবং এই সময়ের মধ্যে সে সবসময়ই নিজের পেশাদার মনোভাবের পরিচয় দিয়েছে। গত এক মাস যাবত বার্সেলোনায় কোন স্পোর্টিং পরিচালক নেই। যেকোন ক্লাবের সাথে আলোচনার জন্য আলভেস পুরোপুরি মুক্ত।’
উল্লেখ্য, সেভিয়াতে ছয় বছর কাটানোর পরে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দিয়েছেন আলভেস। সেভিয়ার হয়ে ২০০৬ ও ২০০৭ পরপর দুই বছর ইউয়েফা কাপ জয়ের রেকর্ড তার রয়েছে। এরপর ব্লগ্রানাদের হয়ে দুটি চ্যাম্পিয়নস লীগের শিরোপা এবং চারটি লা লিগা শিরোপা জয় করেছেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
জেডআই





