বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী ও পাকিস্তানের সাঈদ আজমলের বোলিং অ্যাকশন বৈধ বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট তাদের বোলিং করার বিষয় আর কোনো নিষেধাজ্ঞা থাকল না।
গত বছর আগস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। পরে কার্ডিফে বোলিং পরীক্ষা দেন বাংলাদেশের এ স্পিনার। সেখানে দেখা যায়, বল ডেলিভারি করার সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। যা আইসিসির নিয়মানুযায়ী নিষিদ্ধ।
এ জন্য অক্টোবরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার বিষয়ে নিষিদ্ধ করে আইসিসি। ফলে আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি সোহাগ গাজী।
এদিকে, বোলিং অ্যাকশনে একই ত্রুটির কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাঈদ আজমল। যে কারণে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড থেকেও বাদ পড়েছেন তিনি।
গত ২৪ অক্টোবর ভারতের চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা দিয়েছিলেন এই দুই বোলার। এবারের পরীক্ষায় কৃতকার্য হওয়ায় শনিবার তাদেরকে ছাড়পত্র দেয় আইসিসি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ভবিষ্যতে ফের নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে গাজী ও আজমলের। কেননা, ভবিষ্যত তাদের বোলিং অ্যাকশন অবৈধ মনে হলে তা রিপোর্ট করার জন্য আম্পায়ারদের পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে আইসিসি।
জেডআই





