বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শুক্রবার হ্যামিলটনের সেডন পার্কে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। দলীয় ২৭ রানের মধ্যেই বিদায় নিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে দলের হাল ধরেছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে ইতিমধ্যে ফিফটি রানের জুটিও গড়েছেন এই দু'জন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। সৌম্য সরকার ৪৭ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪৫ রান নিয়ে ব্যাট করছেন।
ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৪ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন ইমরুল কায়েস (২)। ইমরুলের অফ স্ট্যাম্প উপড়ে কয়েক হাত পেছনে ফেলেন কিউই পেসার বোল্ড। এদিন মাত্র ২ রান করেন ইমরুল। এনামুল হকের ইনজুরিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া এই ওপেনার আগের ম্যাচেও ২ রান করেছিলেন।
এরপর দ্বিতীয় উইকেটে সৌম্যর সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তামিম। ইনিংসের দশম ওভারে ওই বোল্টের বলেই দ্বিতীয় স্লিপে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ওপেনার। এদিন তামিমের সংগ্রহ ১৩ রান। তামিম-সৌম্য জুটিতে আসে ২৩ রান।
এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। পায়ে চোট থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে মূল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।
মাশরাফির বদলে এই ম্যাচে একাদশে ঢুকেছেন নাসির হোসেন। এ ছাড়া আরাফাত সানির পরিবর্তে খেলছেন তাইজুল ইসলাম।
এদিকে নিউজিল্যান্ড দলে চোট পাওয়া অ্যাডাম মিল্নের জায়গায় এসেছেন মিচেল ম্যাকক্লেন্যাগ্যান
বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। অন্যদিকে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ। একটি ম্যাচে পরাজিত হয়েছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে টাইগারদের। মোট ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা।
কেএইচ





